বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় নারীসহ গ্রেফতার ৩
প্রতিকি ছবি
রংপুরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলায় এক নারীসহ তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন(র্যাব)।
শনিবার (২ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তিতে রাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রাতে কোতয়ালী থানার ২৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামিরা হলেন, গংগাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর গ্রামের মৃত গুলবকসের ছেলে মো. মজিবর রহমান, মো. ইব্রাহিম খলিল (৪৩) এবং তার স্ত্রী মোছা. সুলতানা বেগম (৩৩)।
র্যাব জানায়, বাদী ও আসামিরা একই গ্রামের বাসিন্দা এবং প্রতিবেশী। দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তাদের মধ্যে বিরোধের চলছিল। এরই জের ধরে গত ২৮ ফেব্রুয়ারি আহম্মেদ আলী (৭৫) নিজের জমি দেখার জন্য বাড়ী থেকে বের হন। ওই সময় আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহম্মেদ আলী মারা যান। পরে ভুক্তভোগীর ছেলে থানায় মামলা করেন।
র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।