নার্সরা দেশের স্বাস্থ্যসেবার অন্যতম স্তম্ভ: জোনায়েদ সাকি
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেছেন, দেশের স্বাস্থ্যসেবার অন্যতম স্তম্ভ হচ্ছেন নার্সরা। তাদের দক্ষতা, মানবিকতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমেই স্বাস্থ্যখাত আরও শক্তিশালী হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাহবুবুর রহমান নার্সিং কলেজ অডিটোরিয়ামে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে স্মরণিকা-২৬ এর লোগো উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠান তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি আরও বলেন, নার্সিংয়ের মাধ্যমে দেশ-বিদেশে আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে। বেকার সমস্যার সমাধান করতে হবে। নার্সিং একটি সম্মানজনক পেশা। বেকারত্ব দূর করতে এর ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহবুবুর রহমান নার্সিং কলেজের অধ্যক্ষ রিপন সরকার। এবারের আন্তর্জাতিক নার্স দিবসের প্রতিপাদ্য ছিল ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ; স্বাস্থ্যবান নার্সরাই জীবন বাঁচায়’।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে স্মরণিকা-২৬ এর লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এবং কৃতী নার্সদের সংবর্ধিত করা হয়।