কুমিল্লার লাকসামে মাদকসহ যুবককে পুলিশে দিলেন জনতা

কুমিল্লার লাকসামে মাদকসহ যুবককে পুলিশে দিলেন জনতা

প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে মাদকসহ মো. জানে আলম ওরফে জনি (৩০) নামের এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এসময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ও বেশকিছু গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (২ মে) পৌর শহরের রাজঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

জনি লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমগাঁও কাজীপাড়ার মৃত আবদুর রশিদের ছেলে।

 

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় পৌরশহরের রাজঘাট এলাকার একটি ময়দার মিল সংলগ্ন স্থানে ওই যুবক মাদক বিক্রির উদ্দেশে ক্রেতার অপেক্ষা করছিল। এসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা এবং বেশ কিছু গাঁজা উদ্ধার করেন এবং তাৎক্ষণিক লাকসাম থানা পুলিশকে সংবাদ দেন।

 

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে স্থানীয় লোকজন আটক ওই যুবককে মাদকসহ পুলিশের নিকট সোপর্দ করেন।

 

এলাকাবাসী জানান, ওই যুবক দীর্ঘদিন ধরে এলাকার ওঠতি বয়সের তরুণ এবং নানা বয়সী মাদকসেবীদের কাছে বিভিন্ন ধরনের মাদক বিক্রি এবং নিজে সেবন করে আসছেন।

এই ঘটনায় পুলিশ স্থানীয়দের মাদকবিরোধী এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা এলাকায় মাদকবিরোধী কার্যক্রম এবং মাদকের বিস্তার প্রতিরোধে এলাকাবাসীর প্রতি আরও কঠোর নজরদারির পরামর্শ দেন।

 

এ ব্যাপারে ওসি মাকসুদ আহাম্মদ বলেন, আটক ওই মাদক বিক্রেতা ও সেবনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ওসি জানান, মাদকের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম এবং পুলিশের জিরো টলারেন্স ঘোষণা রয়েছে। তবে এক্ষেত্রে এলাকাবাসীর প্রতি সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।