ব্যারিস্টার রফিক-উল হক মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি
আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত রাজধানীর পোস্তগোলায় অবস্থিত ব্যারিস্টার রফিক-উল হক মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের এমবিবিএস শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে কলেজের লেকচার থিয়েটার-১ এ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।
এদিকে সকাল সাড়ে ৯ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আয়োজনে জুম প্লাটফর্মে দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।
এরপর ব্যারিস্টার রফিক-উল হক মেডিকেল কলেজের লেকচার থিয়েটার-১ এ অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন হাসপাতালসমূহ ও নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিক-উল হক মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আশরাফুজ্জামান, অধ্যাপক ডা. রুপালী দেবনাথ, সহযোগী অধ্যাপক ডা. রুখসানা আফরোজ প্রমূখ।
নবীন শিক্ষার্থী উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য ও শপথ বাক্য পাঠ করেন ব্যারিস্টার রফিক-উল হক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ. কে. এম. আহসান হাবিব। এসময় মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, তোমরা নিঃসন্দেহে সৌভাগ্যবান। কারণ তোমরা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছো। তাই কোনো ভাবেই তোমরা সময় অপচয় করবে না। ভাল ডাক্তার হয়ে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখবে। মানব সেবার মধ্যেই সৃষ্টিকর্তার সেবা নিহিত। আমরা তোমাদের কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় নবীন বরণ অনুষ্ঠান শেষে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থীরা একসঙ্গে কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।