কেরানীগঞ্জের আদ্-দ্বীন মোমিন মেডিকেল কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত

কেরানীগঞ্জের আদ্-দ্বীন মোমিন মেডিকেল কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

দক্ষিণ কেরানীগঞ্জের আদ্-দ্বীন মোমিন মেডিকেল কলেজে (AdMMC) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (৩রা মে, ২০২৬) সকালে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনা অতিথিবৃন্দ:

অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আদ্-দ্বীন মোমিন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. গোলাম রহমান (দুলাল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আফিকুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর ও ফার্মাকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. নাফিসা রশিদ এবং অবস ও গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফা আক্তার জাহান শোমা। ডিজিটাল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে কেন্দ্রীয় এই প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন, এমপি।

 অভিভাবক বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ:

এবারের ওরিয়েন্টেশনে দেশীয় শিক্ষার্থীদের পাশাপাশি ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি (Foreigner) শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে আসা তাঁদের অভিভাবকেরাও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন।

 অধ্যক্ষ প্রধান অতিথির দিকনির্দেশনা:

অধ্যক্ষ অধ্যাপক ড. মো. গোলাম রহমান (দুলাল) তাঁর বক্তব্যে অভিভাবকদের বিশেষ পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, ছেলেমেয়েদেরকে কেবল ভর্তি করে দিয়েই দায়িত্ব শেষ হবে না; তারা নিয়মিত ক্লাস করছে কি না এবং ঠিকমতো পড়াশোনা করছে কি না, সে বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখতে হবে।

প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আফিকুর রহমান একটি চমৎকার স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি দেখান কীভাবে শিক্ষার্থীরা তাদের সুন্দর ক্যারিয়ার গঠন করতে পারে এবং কীভাবে পড়াশোনা করলে তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী প্রকৃত চিকিৎসক হিসেবে গড়ে উঠতে পারবে।

ব্যতিক্রমী উদ্যোগ বৃক্ষরোপণ’:

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় অনুষ্ঠানের শেষে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। প্রত্যেক নবীন শিক্ষার্থীকে কলেজের পক্ষ থেকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। অধ্যক্ষ মহোদয় নিজে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে মাঠে গিয়ে এই গাছগুলো রোপণ করেন। পরিবেশ রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগটি উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

নবাগত শিক্ষার্থীরা তাঁদের চিকিৎসা শিক্ষা জীবনের প্রথম দিনে এমন আধুনিক ও পরিবেশবান্ধব আয়োজনে অংশ নিতে পেরে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।