বগুড়ায় চিকিৎসক সেজে প্রতারণা, এক লাখ টাকা জরিমানা
ফাইল ছবি
বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসক সেজে রোগীদের সাথে প্রতারণা করার দায়ে এম কে এ সাকিদার নামের এক পল্লী চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে শহরের জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
জানা গেছে, এম কে এ সাকিদার একজন পল্লী চিকিৎসক।
কিন্তু তিনি গত তিন বছর ধরে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আসছিলেন। বিএমডিসি সনদ ছাড়াই নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে তিনি সাধারণ রোগীদের সাথে নিয়মিত প্রতারণা করে যাচ্ছিলেন। ওই প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা বেশির ভাগ রোগীকেই দালালের মাধ্যমে আনা হয়েছে। সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূর-দূরান্তের রোগীদের দালালরা কৌশলে ভুলিয়ে এই ভুয়া কেন্দ্রে নিয়ে আসতেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি তার সব অপরাধ স্বীকার করেছেন। ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে তিনি অঙ্গীকারনামাও দিয়েছেন। অপরাধের গুরুত্ব বিবেচনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে এই ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিল