রিয়ালের জয়ে ‘এল ক্লাসিকো’তে ইতিহাস গড়ার অপেক্ষায় বার্সা
সংগৃহীত ছবি
এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় লা লিগার শিরোপা লড়াইকে এক রোমাঞ্চকর সমীকরণের সামনে দাঁড় করিয়েছে।
সোমবার (৪ মে) দিবাগত রাতে এ জয়ে বার্সেলোনার শিরোপা উল্লাস কিছুটা বিলম্বিত হলেও, আগামী রোববার (১০ মে) নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’ ম্যাচেই চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে কাতালানদের সামনে।
আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ে মূল ভূমিকা পালন করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি জোড়া গোল করেন।
তরুণ খেলোয়াড় গনজালো গার্সিয়ার সঙ্গে চমৎকার ওয়ান-টু-ওয়ান পাসের মাধ্যমে গোলটির সূচনা করেন তিনি। জুড বেলিংহামের দর্শনীয় ‘ব্যাকহিল’ পাস থেকে দ্বিতীয় গোলটি নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান।
ম্যাচ চলাকালীন ভিনিসিয়ুসকে ফাউল করার অপরাধে ওমার এল হিলালিকে লাল কার্ড দেখানো হলেও, ভিএআর যাচাইয়ের পর তা বাতিল করা হয়। অবশ্য রিয়াল মাদ্রিদ এই ম্যাচটি জেতায় বার্সেলোনাকে এল ক্লাসিকোতে ‘গার্ড অব অনার’ দেওয়ার যে বিতর্ক তৈরি হয়েছিল, তারও অবসান ঘটেছে।