চট্টগ্রামে পাঁচ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, শাখায় তালা

চট্টগ্রামে পাঁচ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, শাখায় তালা

সংগৃহীত ছবি

 

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা আবারও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার (৪ মে) সকালে কয়েকশ ভুক্তভোগী গ্রাহক মিছিল নিয়ে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় জড়ো হন।

পরে তারা বিভিন্ন ব্যাংক শাখার সামনে অবস্থান নিয়ে একাধিক শাখায় তালা ঝুলিয়ে দেন। এ সময় গ্রাহকরা জমাকৃত অর্থ ফেরত এবং প্রস্তাবিত ‘হেয়ারকাট’ পদ্ধতি বাতিলের দাবি জানান।

‘ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’, ‘হেয়ারকাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীরা প্রথমে এক্সিম ব্যাংকের আগ্রাবাদ শাখার সামনে অবস্থান নেন। পরে ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখার সামনেও বিক্ষোভ করেন।

তাদের অভিযোগ, ব্যাংকে রাখা কষ্টার্জিত অর্থ ফেরত না পেয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দৈনন্দিন জীবনযাপনসহ আসন্ন কোরবানির ঈদ নিয়েও শঙ্কায় রয়েছেন তারা।

এক আন্দোলনকারী বলেন, নিয়ম মেনে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিলেও কোনো সমাধান পাওয়া যায়নি, তাই বাধ্য হয়েই তারা কঠোর কর্মসূচিতে নেমেছেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান বলেন, সকালে থেকে দুপুর পর্যন্ত গ্রাহকরা বিভিন্ন দাবিতে কর্মসূচি পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

এর আগে গত রবিবারও নগরীর খাতুনগঞ্জ এলাকায় একই দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি হয়, যেখানে একটি ব্যাংক শাখায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল।