কুমিল্লায় ধর্ষণে অভিযুক্তদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ
ছবিঃ ভিডিও থেকে নেওয়া
কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ব্যক্তিদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
জানা গেছে, ঘটনার পর পুলিশ অভিযানে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ হেফাজতে থাকাকালীন তাদের কথাবার্তা ও আচরণে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও আটক ব্যক্তিদের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করতে শোনা যায়, যা নিয়ে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী নারী (২৭) এক সন্তানের জননী। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান ওরফে তারেক (২৪), একই গ্রামের আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ (৩৪) এবং মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ইসমাইল (৩৭)।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা শুধু সংঘবদ্ধ ধর্ষণই নয়, স্বামী-স্ত্রীকে জিম্মি করে চাঁদাবাজির চেষ্টাও করেছে। ঘটনার পর তাদের আচরণে কোনো অনুতাপ না থাকায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
এদিকে, এ ধরনের ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।