হিজলায় নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে মাছ ধরা ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে সিপন মাইলতার (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখা যায়। সিপন মাইলতা উপজেলার ধুলখোলা পালপাড়া উত্তরের চর এলাকার আলম মাইলতার ছেলে।
পুলিশ জানায়, গত ২ মে মেঘনার শাখা নদীতে হিজলা উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে।
ট্রলারে থাকা চারজনের মধ্যে দুজন তীরে এলেও সিপন ও একই এলাকার বাসিন্দা জুয়েল সরদার (২১) নিখোঁজ হন।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, সকালে মেঘনা নদীর হিজলা উপজেলার বাহেরচর এলাকায় ভাসমান অবস্থায় সিপনের মরদেহ দেখতে পান স্থানীয় জেলেরা। পরে মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।