চবির শাটলে পাথর নিক্ষেপ, আঘাতে অজ্ঞান ছাত্রী

চবির শাটলে পাথর নিক্ষেপ, আঘাতে অজ্ঞান ছাত্রী

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক ছাত্রী গুরুতর আহত হয়ে পরবর্তীতে অজ্ঞান হয়ে পড়েন। আহত শিক্ষার্থীর নাম ইসরাত ফাতেমা। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (৫ মে) ক্যাম্পাসগামী বিকাল ৫টার শাটলে ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি পাথর ওই ছাত্রীর কপালে আঘাত করে। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত হন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ফতেয়াবাদ স্টেশনের কাছাকাছি এসে তিনি প্রায় অজ্ঞান হয়ে পড়েন।

সহযাত্রী শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করেন এবং নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেন।

আহত শিক্ষার্থীর সহপাঠী মুনমুন বলেন, ক্যান্টনমেন্ট পার হবার পর পরিত্যক্ত কিছু মাঠ আছে যেখানে সবসময় ছেলেপেলে খেলাধুলা করে। ওখানে ট্রেন আসতেই বাহির থেকে পাথর নিক্ষেপ করে কিছু পোলাপান। পাথরের আঘাতে ওর (ইসরাত ফাতেমা) মাথায় লেগে কেটে যায় এবং ফতেয়াবাদ আসার পর ও অজ্ঞান হয়ে পড়ে। শাটল থেকে নেমে ওকে নিয়ে আমরা চবি মেডিকেলে আসি।

চবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইয়াসমিন বলেন, তাকে আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথায় সে কান্না করছিল। ক্ষতস্থানে ১টি সেলাই লেগেছে এবং তাকে ২৪ ঘণ্টা হোম অবজারভেশনে থাকার জন্য বলা হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শাটল ট্রেনে যাতায়াতের সময় প্রায়ই এ ধরনের ঝুঁকিপূর্ণ ঘটনার সম্মুখীন হতে হয় তাদের। বিষয়টি একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।