এনসিপির ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন, নেতৃত্বে আলাউদ্দীন

এনসিপির ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন, নেতৃত্বে আলাউদ্দীন

আলাউদ্দীন মোহাম্মদ

প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করেছে দলটি।

মঙ্গলবার (৫ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সেল গঠনের তথ্য জানানো হয়।

এনসিপির গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান করা হয়েছে যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদকে। সেলের সদস্য হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সিএফ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সহদপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।

এনসিপি জানিয়েছে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলটির প্রবাসীদের সংগঠন ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের’ দেখভাল করবে নবগঠিত গ্লোবাল ডায়াস্পোরা সেল। ২৬টি দেশে এরই মধ্যে কমিটি করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স। বিগত জাতীয় নির্বাচনে গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচার ও দলের জন্য আর্থিক অনুদান সংগ্রহসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স।

নবগঠিত সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এনসিপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেলের সহপ্রধান হিসেবেও রয়েছেন।