মুখে কালো কাপড় বেঁধে কেন্দ্রীয় ব্যাংকের সামনে আমানতকারীরা
ছবি: সংগৃহীত
সমস্যাগ্রস্ত ছয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা অর্থ দ্রুত ফেরতের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত আমানতকারীরা। বুধবার (৬ মে) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, অবসায়নাধীন ছয়টি এনবিএফআইয়ের ক্ষতিগ্রস্ত ১২ হাজারের বেশি আমানতকারীর প্রতিনিধিত্ব করছেন তারা। দীর্ঘ সাত বছর ধরে এসব প্রতিষ্ঠানে কষ্টার্জিত সঞ্চয় আটকে থাকায় অনেকেই চরম আর্থিক অনিশ্চয়তা, মানসিক চাপ ও মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।
তারা বলেন, অনেক আমানতকারী ক্যানসার, কিডনি ও হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হলেও অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। চিকিৎসা না পাওয়ায় ইতোমধ্যে একাধিক আমানতকারীর মৃত্যুও হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
আন্দোলনকারীরা বলেন, দেশের সব তফসিলি ব্যাংক ও এনবিএফআইয়ের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওপর জনগণের আমানত সুরক্ষার সর্বোচ্চ দায়িত্ব বর্তায়। সেই দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
আমানতকারীদের প্রধান দাবি— বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পূর্বঘোষিত জুলাই ২০২৬ সময়সীমা অনুযায়ী আমানত ফেরতের একটি সুস্পষ্ট, বাস্তবসম্মত ও কার্যকর রোডম্যাপ ঘোষণা করা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ ফেরতের ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।