নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গলে মিলল মানব কঙ্কাল

নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গলে মিলল মানব কঙ্কাল

ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং ২৮০ নম্বর মৌজার একটি গহিন জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ইউপি সদস্য নুর মোহাম্মদ পুতনের একাশি বাগান সংলগ্ন জঙ্গল এলাকায় স্থানীয়রা কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষংছড়ি থানার ওসি মোজাম্মেল হক।

স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে। কঙ্কালের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা প্রায় ছয় মাস আগে ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি মাথার খুলি, পায়ের হাড়ের কিছু অংশ এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতর একটি দাঁত ব্রাশ পাওয়া গেছে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নাইক্ষংছড়ি থানার ওসি মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। কঙ্কালটি ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।