ফুলবাড়ীতে পৃথক অভিযানে মাদকসহ আটক ৬
প্রতিকি ছবি
দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা, ট্যাবলেট ও চোলাই মদসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ী পৌর শহরের মনসুর আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মো. হযরত আলী (৩২), পশ্চিম গৌরীপাড়া গ্রামের মো. আব্দুল মজিদ (৪৫) এবং দাদপুর গ্রামের মো. এমদাদুল হক (৪৫)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ ছাড়া একই দিনে পৃথক অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১১০ গ্রাম গাঁজাসহ সোহাগ মোহন্ত নন্দকে(২৬) গ্রেপ্তার করা হয়।
বুধবার আরেক অভিযানে ৪৬ লিটার চোলাই মদসহ সনতি মারডি ওরফে লতা (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামি পলাতক রয়েছেন। একই দিন মাদক সেবনের সময় মো. শফিকুল ইসলাম সাজ্জাদকে (৩৬) আটক করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আব্দুল লতিফ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে।