রাজধানীর মহাখালীতে গুলিবিদ্ধ আউটসোর্সিং কর্মী

রাজধানীর মহাখালীতে গুলিবিদ্ধ আউটসোর্সিং কর্মী

প্রতিকি ছবি

রাজধানীর বনানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক আউটসোর্সিং কর্মী আহত হয়েছেন।  

বুধবার (৭ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার পায়ে বিদ্ধ গুলি অপসারণ করেছেন এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

রফিকুল ইসলামের বাড়ি বরগুনা সদর উপজেলার ঘরবাড়িয়া এলাকায়। তিনি মৃত আব্দুর রশিদের ছেলে। পেশায় তিনি মিরপুরের একটি ডেন্টাল হাসপাতালে আউটসোর্সিং কর্মী হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি বনানীর মহাখালীর আইপিএস স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন।

আহতের বোন রাশেদা জানান, ঘটনার সময় রফিকুল ইসলাম মহাখালী পুরাতন কাঁচা বাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৫ থেকে ৬ জন অজ্ঞাত দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে একটি গুলি তার বাম উরুতে বিদ্ধ হয়। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তারা কিছুই জানতে পারেননি।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।