অভিনেতা দেব এবার রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন
অভিনেতা দেব এবার রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন।। ফাইল ছবি।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনীতি থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য ও টালিউড সুপারস্টার দেব। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সরকারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের এই অবস্থানের কথা জানান তিনি।
এই অভিনেতা উল্লেখ করেন, তিনি আর রাজনীতিতে সক্রিয় থাকতে চান না এবং এখন থেকে আগের মতো শুধু অভিনয় জগতেই সময় দিতে চান।তৃণমূলের পরাজয়ে ব্যক্তিগতভাবে ব্যথিত হলেও রাজ্যে এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন দেব।
আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইন্ডস্ট্রিতে এখন আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না এবং প্রযোজকদের ওপর কোনো অন্যায্য নিয়ম চাপানো হবে না। এর ফলে কাজের পরিমাণ বাড়বে এবং বাইরে থেকেও কাজ আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তৃণমূলের শাসনামলে টালিউডের ‘ব্যান সংস্কৃতি’ নিয়ে দেব আগে থেকেই সোচ্চার ছিলেন। তিনি জানান, ইন্ডাস্ট্রির মঙ্গলের জন্য তিনি সবসময় নেপথ্য থেকে কাজ করে যাবেন। বিজেপির জয়ের পর দেবের দলবদল নিয়ে গুঞ্জন উঠলেও তিনি সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। নিজের রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে তিনি স্পষ্ট করেন যে, রাজনীতি না করলে তাঁর জীবন চলবে না—এমন পরিস্থিতি তাঁর নয়।
২০১৪ সালে রাজনীতিতে আসা এই তারকা জানান, তিনি মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে রাজনীতিতে এসেছিলেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার চেয়ে অভিনয়ে ফিরে যাওয়াই এখন তাঁর মূল লক্ষ্য। ফেসবুকে দেওয়া এক পোস্টে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে দেব আশা প্রকাশ করেন যে, নতুন সরকার রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে।
একই সঙ্গে চলচ্চিত্র শিল্পে ঐক্য ও শৈল্পিক স্বাধীনতা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন দেব। তিনি লেখেন, বাংলা চলচ্চিত্র শিল্পের মধ্যে বিভাজনের সংস্কৃতিকে অতীতের বিষয় করে তুলে পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ ছাড়া নিজের নির্বাচনী এলাকা ঘাটালের দীর্ঘদিনের সমস্যা ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ সম্পন্ন করার বিষয়েও নতুন সরকারের সমর্থন প্রত্যাশা করেছেন তিনি। রাজনীতি থেকে দূরে সরে গেলেও চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নেপথ্য থেকে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই অভিনেতা।