রাশিয়ার পক্ষে যুদ্ধে যেয়ে ২৩০০ সেনা হারিয়েছে উত্তর কোরিয়া
রাশিয়ার পক্ষে যুদ্ধে যেয়ে ২৩০০ সেনা হারিয়েছে উত্তর কোরিয়া।। ফাইল ছবি।
ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়ে উত্তর কোরিয়ার প্রায় দুই হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার বিপুল সংখ্যক সেনার মৃত্যু হয়েছে।
দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ইউক্রেন রাশিয়ার কুর্স্ক অঞ্চলে আকস্মিক অনুপ্রবেশ শুরু করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিয়ংইয়ংয়ের সহায়তা চায় মস্কো। এরপর এই এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সহায়তা করতে উত্তর কোরিয়ার কমপক্ষে ১১ হাজার সেনাকে রাশিয়ায় পাঠানো হয়েছিল।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর আগে প্রকাশ্যে যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিশ্লেষকদের ধারণা, রাশিয়ায় সেনা পাঠানোর বিনিময়ে পিয়ংইয়ং মস্কো থেকে বিপুল পরিমাণ খাদ্য, অর্থ এবং সামরিক প্রযুক্তিগত সহায়তা লাভ করেছে।
মৃতের সংখ্যা দুই হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে।
২০২৫ সালের অক্টোবরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত সেনাদের সম্মান জানাতে পিয়ংইয়ংয়ের হোয়াসং জেলায় একটি বিশেষ জাদুঘর নির্মাণের নির্দেশ দেন। ওই জাদুঘরে নিহত সেনাদের বীরত্বগাথা ও তাদের স্মৃতি সংরক্ষণের পরিকল্পনা করা হয়েছে।দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিতভাবে এই সেনা মোতায়েন এবং হতাহতের বিষয়টি পর্যবেক্ষণ করছে।
তবে উত্তর কোরিয়া বা রাশিয়া এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। মূলত বিবিসির নিবিড় অনুসন্ধান ও সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান সামনে এসেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, উত্তর কোরীয় সেনারা এখনো রাশিয়ার সীমান্ত অঞ্চলগুলোতে অবস্থান করছে।