ফুলহ্যাম ম্যাচের আগে স্কোয়াড থেকে ছিটকে গেলেন জিমেনেজ
অ্যালেক্স জিমেনেজ
প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামার আগের দিন স্কোয়াড থেকে ছিটকে গেলেন অ্যালেক্স জিমেনেজ। শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্নমাউথ।
ক্লাবের এক বিবৃতির বরাতে জানা গেছে, ১৫ বছর বয়সী এক কিশোরীকে মেসেজ পাঠানোর অভিযোগ সংক্রান্ত একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অ্যালেক্স জিমেনেজকে আপাতত স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ক্লাব আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘সোশ্যাল মিডিয়ায় অ্যালেক্স জিমেনেজকে ঘিরে যে পোস্টগুলো ছড়িয়েছে, সে বিষয়ে বোর্নমাউথ অবগত আছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমানে তদন্ত চলছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আগামীকাল ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের স্কোয়াডে অ্যালেক্স জিমেনেজকে অন্তর্ভুক্ত করা হবে না। এ বিষয়ে এই মুহূর্তে ক্লাব আর কোনো মন্তব্য করবে না।’
এই ঘটনার পর ক্লাবের ভেতরে এবং সমর্থকদের মধ্যেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আপাতত বোর্নমাউথ কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।