কাবাডিতে খুলল নতুন সম্ভাবনার দুয়ার
সংগৃহীত
কমনওয়েলথ স্পোর্টস ফেডারেশনের পালকে যুক্ত হল কাবাডি। কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজনের অনুমোদন দিয়েছে সংস্থাটি। ১০ থেকে ২০ অক্টোবর ভারতের আহমেদাবাদে হবে অভিষেক আসর।
কমনওয়েলথ স্পোর্টের পরিচালক অ্যান-লুইস মরগান স্বক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘অত্যন্ত আনন্দের সাথে নিশ্চিত করছি যে, কমনওয়েলথ স্পোর্ট কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের অনুমোদনের জন্য সম্মতি প্রদান করেছে, যা ভারতের আহমেদাবাদে ১০-২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই অনুমোদন সংযুক্ত কমনওয়েলথ স্পোর্ট চ্যাম্পিয়নশিপ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।’
চিঠিতে কিছু শর্তাবলী জুড়ে দেওয়া হয়েছে। যার অন্যতম হচ্ছে, ইভেন্টের জন্য একটি উপযুক্ত সেফগার্ডিং পরিকল্পনা থাকতে হবে। কমনওয়েলথ স্পোর্ট এই ইভেন্টের মেডেল খরচের ৫০ শতাংশ পর্যন্ত বহন করবে, যার সর্বোচ্চ সীমা হবে ২ হাজার পাউন্ড। টাকায় রূপান্তরে অঙ্কটা দাঁড়ায় ২ লাখ ৩৪ হাজার প্রায়।
এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আফ্রিকার কেনিয়া ও উগান্ডা এবং আমেরিকার কানাডাকে কাবাডির বিশ্ব আসরে দেখা যায়। এখন দেখার বিষয়, কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের অভিষেক আসরে কোন কোন দেশকে দেখা যায়। যারাই অংশগ্রহণ করুক, বাংলাদেশের সামনে নতুন এক সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়েছে। কারণ আসরের পদক প্রত্যাশীদের কাতারেই আছে লাল-সবুজরা।
ভারতের আহমেদাবাদে প্রথম কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে বলে আদৌ এখানে পাকিস্তান খেলবে কি না—এটা বড় প্রশ্ন। পাকিস্তান কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে কাবাডিতে অন্যতম শক্তিশালী। দেশটি আসরে অংশগ্রহণ না করলে বাংলাদেশের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। বাইরের সেই সম্ভাবনাকে লাল-সবুজরা আদৌ ম্যাটে টেনে আনতে পারবে কি না—সেটা সময়ই বলবে।