গোপালগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

গোপালগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

প্রতিকি ছবি

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে খালার বাড়ি বেড়াতে এসে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) উপজেলার নিজামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার, ৯ মে) থানায় কোনো মামলা হয়নি।

ওই শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি গত রবিবার সদর উপজেলার বনগ্রামের নানি বাড়ি থেকে খালার বাড়ি নিজামকান্দিতে বেড়াতে যায়। ৬ মে দুপুর ১২টার দিকে নিজামকান্দি পূর্বপাড়ার কালাম শেখের ছেলে মুরসালিন শেখ তাকে গোসল করার কথা বলে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখায়। পরে ওই শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ওই শিশুর খালু শরিফুল বলেন, ‘মাঠে ধান কাটা চলছে।

পরিবারের সবাই জমি থেকে ধান কাটছে। আমার একটি শিশুসন্তান রয়েছে। বাড়িতে না থাকার কারণে ওই শিশুকে দেখার জন্য তাকে নিয়ে আসা হয়। কিন্তু নিজামকান্দি পূর্বপাড়ার কালাম শেখের ছেলে মুরসালিন শেখ তাকে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। ’

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ওসি আনিসুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, ধর্ষণের শিকার হয়েছে- এমন একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ চাইলে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা করা হবে।