গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের ২০৩৭ পিলার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার (সিও) পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।
বৈঠকে বাংলাদেশের বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা, পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ৪৯ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল অজিত কুমার।
নিহতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে মো. মুরসালিন (২০) ও একই ইউনিয়নের মধুপুর গ্রামের মকরম আলীর ছেলে নবীর হোসেন (৫৫)।
বৈঠক শেষে বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে দুইজন বাংলাদেশি মারা গেছেন। ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুইজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।