চট্টগ্রামে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রতিকি ছবি

 

চট্টগ্রামে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা(উত্তর) পুলিশ। শুক্রবার (৮ মে) নগরীর নগরীর খুলশী থানার ওয়াসা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ফয়সাল আহমেদ রনি(৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)।

পুলিশ জানায়, গতকাল ওয়াসা মোড়ের একটি দোকানের ভেতরে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মো. ফয়সাল আহমেদ রনিকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নগরীর চকবাজার থানার দামপাড়া এলাকা থেকে আরেক অস্ত্র ব্যবসায়ী আমিনুল হক বাপ্পীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১১ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস হতে গুলিগুলো সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সংঘটনের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল তারা।