নগরী ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে: মেয়র শাহাদাত

নগরী ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে: মেয়র শাহাদাত

ফাইল ছবি

 

এবার বর্ষাকালে নগরী ৭০ থেকে ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কারপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জুলাই বিপ্লব স্মৃতি হলে জলাবদ্ধতা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। মেয়র বলেন, আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে।

শুধু এটুকুই বলছি- চিন্তার কিছু নেই।

মেয়র শাহাদাত বলেন, জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান করতে হলে সরকারি সকল উন্নয়ন সংস্থাকে একই ছাতার নিচে আনতে হবে। এজন্য প্রয়োজন সিটি গভর্নমেন্ট ধারনার বাস্তবায়ন।

সেমিনারে বক্তরা বেশকিছু সুপারিশ তুলে ধরেন।

এরমধ্যে রয়েছে- নালা-খালে ময়লা ফেললে জরিমানা ও শাস্তির আওতায় আনা, শহরের গুরুত্বপূর্ণ নালা-খালে সিসি ক্যামেরা স্থাপন, নগরের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন, নির্ধারিত স্থানে ময়লা ফেলতে নগরবাসীর মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং পলিথিনমুক্ত শহর গড়ে তোলা।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সেমিনার উদ্বোধন করে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী। প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. আল আমিন, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আয়েশা খানম ও বিজিসি ট্রাস্ট ইউনির্ভাসিটির ভিসি ড. মনজুরুল কিবরিয়া।

আলোচনায় অংশ নেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নসরুল কদির, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর পরিকল্পনাবিদ স্থপতি জেরিনা হোসেন, নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. সিকান্দর খান প্রমুখ।