মাদকের পক্ষে তদবির করলে আমার ভাইকেও গ্রেপ্তার করবেন : জিন্নাহ কবির
সংগৃহীত ছবি
মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এস এ জিন্নাহ কবির বলেছেন, আমার ভাই কিম্বা কাছের কোনো নেতাকর্মীরা যদি মাদকের বিষয়ে তদবির করে তাহলে আগে তাকে গ্রেপ্তার করবেন। মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। এ ব্যবসার সঙ্গে যেই জড়িত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরোটিয়া ইউনিয়নের শ্রীবাড়ি তিন রাস্তার মোড়ে শনিবার (৯ মে) সন্ধ্যায় জাগো বাংলা ইয়ূথ সোসাইটি ও শ্রীবাড়ি একতা জনকল্যাণ যুব সংঘের আয়োজনে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঘিওর থানার ওসির উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, আমি গত কয়েক দিনে তিনটি উপজেলায় মাদক, সন্ত্রাস ইভটিজিং ও চাঁদাবাজের বিরুদ্ধে সচেতনতামূলক ২২টি সমাবেশ করেছি। আমার একটাই উদ্দেশ্য এলাকায় কোনো মাদক কারবারির স্থান থাকবে না। আপনাদের সবাইকে নিয়ে আমি বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। আমি এ ব্যবসায় জড়িতদের অনুরোধ করব আপনারা জীবন ধ্বংসকারী কারবারি বন্ধ করেন।
আপনারা সঠিক পথে ফিরে আসলে আমি দ্রুত সময়ে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। এর পরেও যদি আপনারা ফিরে না আসেন তাহলে আপনাদের সবাইকে জেলে থাকতে হবে।
জিন্নাহ কবির আরো বলেন, মাদকের সঙ্গে যদি আমার দলীয় নেতাকর্মী জড়িত থাকে তাহলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। আমি প্রত্যন্ত এলাকাগুলোতে ঘুরে ঘুরে সবাইকে সচেতন করছি।
পরে কিন্তু আর কাউকে বোঝানো হবে না। আমার নির্বাচিত আসনের তিনটি উপজেলায় প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে একটি করে কমিটি গঠন করা হবে।
সমাবেশে যমুনা টেলিভিশনের সাংবাদিক বিএম খোরশেদের সঞ্চলনায় স্থানীয় বিএনপি নেতা আয়ূব আলী মকুলের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, ঘিওর থানার ওসি মীর মাহবুর, জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুর রহমান মুকুল, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জান, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী মিস্টার প্রমুখ।