‘উপযুক্ত’ সময়েই মার্কিন শান্তি প্রস্তাবের জবাব দেবে ইরান
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো শান্তি প্রস্তাব বর্তমানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আজ এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন কর্মকর্তাদের দেওয়া প্রস্তাবটি এখন তেহরানের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের টেবিলে রয়েছে এবং ‘ইরানিদের জন্য উপযুক্ত সময়েই’ এর আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে।
তবে এই বার্তা পাঠানোর জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমার কথা উল্লেখ করেননি তিনি।
বিবৃতিতে ইসমাইল বাঘাই আরও স্পষ্ট করেছেন যে, ইরানের বর্তমান মূল লক্ষ্য হলো যুদ্ধের অবসান ঘটানো। গত কয়েক দিনে তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনকে যে ১৪ দফার শান্তি পরিকল্পনা দেওয়া হয়েছিল, সেটির ওপর ভিত্তি করেই সংঘাত বন্ধের পথ খুঁজছে তারা। দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে ইরানের এই প্রস্তাবটি বড় ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
তিনি জানান, ইরান এখন যুদ্ধের ইতি টানতে এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফেরাতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন।
তেহরানের কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, মার্কিন প্রস্তাবটি নিয়ে বর্তমানে ইরানের সব কটি গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার বা অংশীদারদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে। এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ নেতৃত্ব, জ্যেষ্ঠ কূটনীতিক, পার্লামেন্ট সদস্য এবং ইরানের প্রধান আলোচক দল। তবে চূড়ান্ত সিদ্ধান্তটি আসবে দেশটির সর্বোচ্চ নেতার কাছ থেকে। সব মহলের মতামত সমন্বিত হওয়ার পরই ইরান তার চূড়ান্ত অবস্থান বিশ্বমঞ্চে পরিষ্কার করবে।
আপাতত একটি সম্মানজনক ও কার্যকরী সমাধানের পথেই হাঁটছে তেহরান।
সূত্র: আল জাজিরা