গাজীপুর পূবাইলে কুলসুম হত্যা: তিনজনকে গ্রেফতার করেছে পিবিআই
প্রতিকি ছবি
গাজীপুরের পূবাইলের মেঘডুবী এলাকায় দোকানদার শেফালী বেগম কুলসুম (৪৬) হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পিবিআই গাজীপুর জেলা ইউনিটের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।
গ্রেপ্তাররা হলেন- রংপুরের গঙ্গাচড়া থানার রাজভল্লভ গ্রামের মো. কামরুজ্জামান (৩৫), একই থানার একনাথ রামাকান্ত এলাকার মো. আমজাদ হোসেন (৩০) ও মো. আফজাল হোসেন (৩৩)। তারা সবাই গাজীপুর সিটি করপোরেশনের মেঘডুবী কড়ইটেক এলাকায় বসবাস করতেন।
পিবিআই’র পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, গত ২৬ এপ্রিল বিকালে নির্মমভাবে খুন হন দোকানি শেফালী বেগম কুলসুম। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি (কড়ইটেক) এলাকায় নিজ বাসায় থেকে চা পানের দোকান করে এবং তিনটি রুম ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন। অভিযুক্ত তিন আসামি কুলসুমের দোকানে নগদ ও বাকিতে কেনাকাটা করতেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই সনজিৎ বিশ্বাস জানিয়েছেন, গ্রেফতার কামরুজ্জামান ও আমজাদ হোসেন কুলসুমকে খুন ও নগদ টাকা ও গহনা চুরি করার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ছাড়া আফজাল হোসেনকে আদালতে সোপর্দ করলে আদালত ওই আসামিকে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। খুনের ঘটনায় ব্যবহৃত একটি ধারালো দা ও একটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান আছে