রেসিপি : সরিষা বেগুন
ছবিঃ সংগৃহীত।
বেগুন দিয়ে দ্রুত এবং সুস্বাদু সব খাবার তৈরি করা যায়। আপনি কি কখনো সরিষা বেগুন তৈরি করেছেন?এটি তৈরি করা যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। বৃষ্টির দিনে গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে বেগুনের এই পদ হলে জমে যাবে বেশ। আবার চাইলে অতিথি আপ্যায়নে পোলাওয়ের সঙ্গে রাখতে পারেন সরিষা বেগুন। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে
বেগুন- ২টি
সরিষা বাটা- ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ২-৩টি
রসুন বাটা- আধা চা চামচ
কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ
লবণ- স্বাদমতো
হলুদের গুঁড়া- আধা চা চামচ
সরিষার তেল- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
বেগুন কেটে তাতে হলুদ ও লবণ দিয়ে মেখে সরিষার তেলে ভেজে নিন। এবার ভাজা বেগুনগুলো তুলে রেখে তেলে পেঁয়াজ ভেজে নিন। এরপর তাতে সরিষা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, হলুদ গুঁড়া ও পরিমাণমতো লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে তাতে বেগুনগুলো দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করুন, প্রয়োজন অল্প পানি যোগ করতে পারেন। হয়ে গেলে নামিয়ে গরম ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।