খুব সহজে ঘরেই তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইলে পেঁয়াজের সালাদ
ছবিঃ সংগৃহীত।
খাবারের স্বাদ বাড়াতে ছোট একটি সালাদই অনেক সময় বড় পার্থক্য তৈরি করে। তাই ভাত, বিরিয়ানি, কাবাব কিংবা ভাজাভুজির সঙ্গে অনেকেই লেবু, আচার বা শসা-টমেটোর সালাদ রাখতে পছন্দ করেন।তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে জনপ্রিয়তা পেয়েছে এক ভিন্নধর্মী, ‘লাচ্ছা পেঁয়াজ’ বা পেঁয়াজের রিং সালাদ। ঘরে থাকা সাধারণ কিছু উপাদান দিয়েই কয়েক মিনিটে তৈরি করা যায়।
সহজ রেসিপি আর রেস্তোরাঁর মতো স্বাদের কারণে এটি এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম ভাইরাল ফুড ট্রেন্ডে পরিণত হয়েছে। চাইলে আপনি ও ঘরে বসে তৈরি করতে পারবেন।
আসুন জেনে নেওয়া যাক পেঁয়াজ সালাদ কীভাবে তৈরি করবেন-
উপকরণ
বড় পেঁয়াজ ২-৩টি
বরফ ঠান্ডা পানি ১ কাপ
লেবুর রস ২ চা চামচ
লাল মরিচের গুঁড়া আধা চামচ
চাট মসলা আধা চামচ
মরিচকুচি ১-২টি
ধনে পাতা কুচি ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে পেঁয়াজগুলো গোল গোল করে পাতলা স্লাইস করে রিং আলাদা করে নিন। এরপর একটি বাটিতে বরফ ঠান্ডা পানি নিয়ে তাতে পেঁয়াজের রিংগুলো ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এতে পেঁয়াজের অতিরিক্ত ঝাঁজ বা কটু ভাব অনেকটাই কমে যাবে এবং খেতে হবে আরও মুচমুচে।
নির্দিষ্ট সময় পর পেঁয়াজগুলো পানি থেকে তুলে ভালোভাবে পানি ঝরিয়ে নিন। এরপর একটি শুকনো পাত্রে পেঁয়াজের রিংগুলো রাখুন। এবার এতে পরিমাণমতো লাল মরিচের গুঁড়া, চাট মসলা, লবণ, টাটকা লেবুর রস, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা যোগ করুন।
সব উপকরণ হাত দিয়ে আলতোভাবে মিশিয়ে নিন, যেন পেঁয়াজের রিংগুলো ভেঙে না যায়। চাইলে বাড়তি স্বাদের জন্য সামান্য ভাজা জিরার গুঁড়াও ছিটিয়ে দিতে পারেন। গরম ভাত, রুটি, কাবাব বা মাংসের সঙ্গে পরিবেশন করুন।
টিপস
পেঁয়াজ বরফ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে ঝাঁজ কমে যায় এবং সালাদ বেশি ক্রিসপি লাগে।
লেবুর রস পরিবেশনের ঠিক আগে মেশালে পেঁয়াজ নরম হয়ে যায় না।
চাট মসলার সঙ্গে সামান্য ভাজা জিরার গুঁড়া দিলে স্বাদ আরও বেড়ে যায়।
চাইলে পাতলা করে কাটা শসা বা গাজর মিশিয়ে সালাদকে আরও রঙিন ও স্বাস্থ্যকর করতে পারেন।
বিট লবণ ব্যবহার করলে বেশি ভালো লাগবে
অতিরিক্ত ঝাল পছন্দ হলে সামান্য কাঁচা মরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।
গরম কাবাব, গ্রিল বা ভাজা খাবারের সঙ্গে ঠান্ডা এই সালাদ সবচেয়ে ভালো লাগে।