খোকসা গোয়ালঘর ভেঙে দুই গরু চুরি

খোকসা গোয়ালঘর ভেঙে দুই গরু চুরি

প্রতিকি ছবি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে দুইটি গাভী গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক অশোক বিশ্বাসের ছেলে ও স্থানীয় বাসিন্দা সুজন বিশ্বাসের বাড়ির গোয়ালঘর থেকে গাভী দুটি চুরি হয়। চুরি যাওয়া গাভী দুটি আট মাসের গর্ভবতী ছিল বলে জানা গেছে।

ফ্রিজিয়ান জাতের গরু দুটির বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে এলাকায় একাধিক গ্রাম পাহারার দল থাকলেও দুর্বৃত্তরা তাদের নজর এড়িয়ে গোয়ালঘরের পাঁচটি তালা ভেঙে গরু দুটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।

ভোরে পিকআপ ভ্যানের শব্দে ঘুম ভেঙে গেলে সুজন বিশ্বাস বাইরে বের হয়ে গোয়ালঘরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে গরু দু’টি চুরি হয়ে গেছে বলে নিশ্চিত হন তিনি।

তার ধারণা, চোরেরা ঈশ্বরদী-ফুলতলা সড়ক হয়ে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় সোমবার দুপুরে খোকসা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে এসআই শহিদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নাগরপাড়া ও আশপাশের চারটি গ্রামে ওই রাতে ভিলেজ ডিফেন্স পার্টির পাহারা ছিল বলেও তিনি জানান।

ক্ষতিগ্রস্ত কৃষক সুজন বিশ্বাস জানান, গরু দুটি উদ্ধারের আশা প্রায় ছেড়ে দিয়েছেন। তবে তিনি চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।