কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে ইয়াছিন মোড়ল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে কামরাঙ্গীরচর ঝাউলা হাঁটি হাজির ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইয়াছিনের গ্রামের বাড়ি খুলনা ফুলতলা জুগলি পাশা গ্রামে। তার বাবার নাম সাব্বির মোড়ল।
তিনি গ্যাস সিলিন্ডারের দোকানের শ্রমিক। ইয়াসিনকে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করার কথা ছিল।
মৃতের বাবা সাব্বির মোড়ল জানিয়েছেন, বিকেলে তার ছেলে ইয়াছিন ভাড়া বাসার পাশেই মাঠে খেলতে বের হয়েছিল। মাঠের পাশে থাকা রিকশার গ্যারেজের বৃষ্টিভেজা টিনে হাত লেগে অচেতন হয়ে পড়ে যায়।
সংবাদ পেয়ে সেখান থেকে ইয়াসিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।