প্রত্যন্ত ও দুর্গম এলাকায় সমান শিক্ষার সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রত্যন্ত ও দুর্গম এলাকায় সমান শিক্ষার সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সাথে কথা বলে বিদ্যালয়গুলোর সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সংকট, শিক্ষক স্বল্পতা, যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সমস্যা, শিক্ষাসামগ্রীর ঘাটতি ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের ঝরে পড়ার বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষকদের কাছ থেকে পাঠদান কার্যক্রমের বাস্তব চিত্র এবং শিক্ষার্থীদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা শোনেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের শিশুদের জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদ্যালয়গুলোর সমস্যাগুলো দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি আরো বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার। দুর্গম এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার আওতায় আনতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

পরে প্রতিমন্ত্রী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিটিউট, বান্দরবানে প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। বক্তব্যে তিনি বলেন, শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি নেতৃত্বের দায়িত্ব। শিক্ষকরা যদি দায়িত্ব নিয়ে শ্রেণিকক্ষে পাঠদান করেন, তাহলে দেশের সব শিক্ষার্থী সঠিকভাবে শিক্ষিত হয়ে উঠবে।

প্রতিমন্ত্রী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, অনেক বিদ্যালয়ে খেলার মাঠ নেই, যা শিশুদের বিকাশে বাধা সৃষ্টি করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, বান্দরবান সদর ও লামা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সূত্র: তথ্য অধিদপ্তরের তথ্যবিবরণী