অনলাইন ক্যাসিনো চক্রের এজেন্ট গ্রেফতার

অনলাইন ক্যাসিনো চক্রের এজেন্ট গ্রেফতার

প্রতিকি ছবি

 

মেহেরপুরে অনলাইন ক্যাসিনো ও অবৈধ ই-ট্রানজেকশন চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে আরো এক এজেন্টকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মাসুদ রানা (৪০) দীর্ঘদিন আত্মগোপনে ছিলো।  

মাসুদ রানা মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে ও কোমরপুর বাজারে ‘রোজ ফ্যাশন’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোরশেদ চৌধুরীর নেতৃত্বে ‘রোজ ফ্যাশন’ ঘেরাও করে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সেখান থেকে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের অভিযোগে মুজিবনগর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় প্রথমে ১৬ জনের নাম উল্লেখ করা হলেও তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ।

মামলার ১১ নম্বর এজাহারভুক্ত আসামি মাসুদ রানা দীর্ঘদিন ধরেই গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। তবে গোপনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করতেন বলে তথ্য পায় ডিবি পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে সোমবার (১১ মে) দুপুরে কোমরপুর বাজারে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।  

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জব্দ করা মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্টে অনলাইন ক্যাসিনো পরিচালনা বা জুয়া সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন মামলা করা হবে। ” তিনি আরও জানান, মঙ্গলবার (১২ মে) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।