ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতগণ সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে

ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতগণ সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে

ছবিঃ সংগৃহীত।

ঢাকায় নিযুক্ত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-ভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান।

এ সময় প্রধানমন্ত্রী তাদের শুভেচ্ছাকে স্বাগত জানিয়ে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে অংশ নেওয়া দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কাল থেকে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর হওয়ার আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা করেন।

এ সময় সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিসর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশন উপস্থিত ছিলেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্রসচিব মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।