টেকনাফে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

টেকনাফে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

 

কক্সবাজারের টেকনাফে আব্দুর রহিম (৩৭) নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

সোমবার (১১ মে) রাতে র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ থানার সদর ইউনিয়নের বীচ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, ২০১২ সালে চট্টগ্রামের হালিশহর থানায় আব্দুর রহিমের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দেন।

সাজা ঘোষণার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে- আসামি টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া সংলগ্ন বীচ পয়েন্ট এলাকায় অবস্থান করছেন। এরপর সোমবার রাতে র‍্যাবের একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আব্দুর রহিম টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকার সৈয়দ আহমদের ছেলে।

পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।