আলিস-মৃত্যুঞ্জয়ের ৬, রাব্বির ৫ এবং রবিনের সেঞ্চুরি
ছবি: সংগৃহীত
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের খেলা শেষ হয়েছে। আজ বুধবার ঢাকার ছয় মাঠে লড়েছিল ১২ দল। যেখানে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, আবাহনী, মোহামেডান ও অগ্রণী ব্যাংক।
এছাড়া জয়লাভ করেছে ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা লিওপার্ডস। এদিন বেশ কিছু ক্রিকেটার নিজেদের পারফর্ম দেখিয়ে নজর কেড়েছেন। তার মধ্যে মোহামেডান পেসার মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরি অন্যতম। বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে বল হাতে তিনি একাই তুলে নেন ৬ উইকেট। পরে ১০ উইকেটে জিতেছে তার দলও, মৃত্যুঞ্জয় হয়েছেন ম্যাচসেরা।
এদিকে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে জিতেছে আবাহনী। যেখানে আবাহনীর হয়ে বল হাতে ৫ উইকেট তুলে নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। অন্যদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বোলিং তোপ দেখিয়েছেন প্রাইম ব্যাংকের বোলার আলিস আল ইসলাম। ম্যাচে হ্যাটট্রিকসহ তুলে নিয়েছেন ৬ উইকেট।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এদিন ব্যাট হাতে ঝড় তুলেছেন মাহফিজুল ইসলাম রবিন। লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের একের পর এক করেছেন সীমানাছাড়া। সবমিলিয়ে ম্যাচের শেষ পর্যন্ত টিকে থেকে করেন ১২৭ রান। পরে জিতেছে তার দলও।