বাঞ্ছারামপুরে ছাগলকে জোর করে পানি খাওয়ানো সেই বাদশা গ্রেফতার

বাঞ্ছারামপুরে ছাগলকে জোর করে পানি খাওয়ানো সেই বাদশা গ্রেফতার

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রূপসদী বাজারে একটি ছাগলকে জোর করে পাইপ দিয়ে পানি খাওয়ানোর ঘটনায় মূল অভিযুক্ত চাঁন বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোরে বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি ওই গ্রামের সাবুদ্দিনের ছেলে।

এর আগে গত ২৪ জুন বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে একটি ছাগলকে মোটাতাজা দেখাতে জোর করে পাইপ দিয়ে পানি খাওয়ানোর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। অবলা প্রাণীর সঙ্গে এমন নির্মমতায় তার শাস্তির দাবি জানান স্থানীয়রা। এ ঘটনার পর গতকাল শনিবার সন্ধ্যায় চাঁন বাদশার সহযোগী শাহাদাৎ-কে গ্রেফতার করে পুলিশ। এরপর রবিবার ভোরে চাঁন বাদশাকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, ফেসবুকে ভিডিও দেখার পর তদন্তে নামে পুলিশ। পরে অভিযুক্ত ছাগল মালিক চাঁন বাদশাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।