বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুরস্কের উদ্যোক্তারা

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুরস্কের উদ্যোক্তারা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন দুই দেশের ব্যবসায়ী নেতারা। বিশেষ করে ইলেকট্রনিক যন্ত্রপাতি, হোম অ্যাপ্লায়েন্স ও জেনারেটর খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন তুরস্কের উদ্যোক্তারা।

বুধবার (১৩ মে) রাজধানীর গুলশানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সেন্টারে ডিসিসিআই ও তুরস্কের ইলেক্ট্রো টেকনোলজি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (টিইটি) মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বাণিজ্য সভায় এসব তথ্য উঠে আসে।

টিইটি’র সহসভাপতি বুরাক বাসেগমেজলারের নেতৃত্বে সাত সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল সভায় অংশ নেয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনও উপস্থিত ছিলেন।

সভায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের ব্যবসায়িক প্রতিনিধিদের এ ধরনের সফর ভবিষ্যতে বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল ৪১৬ দশমিক ৭৬ মিলিয়ন ডলার এবং রফতানি ৬৩৪ দশমিক ৫৩ মিলিয়ন ডলার।

তাসকীন আহমেদ আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে তুরস্কের উদ্যোক্তারা ইতোমধ্যে ৭৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। 

তিনি তৈরি পোশাক, চামড়া ও পাদুকা শিল্প, পাটজাত পণ্য, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধ শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার সেবা, হোম টেক্সটাইল এবং ভোগ্যপণ্য খাতে যৌথ ও একক বিনিয়োগের আহ্বান জানান।

টিইটি’র সহসভাপতি বুরাক বাসেগমেজলা বলেন, বাংলাদেশে ইলেকট্রনিক পণ্যের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ খাতে তুরস্কের বিনিয়োগকারীরা আগ্রহী।

তিনি আরও জানান, চলতি বছরের নভেম্বরে তুরস্কের ইলেকট্রনিক খাতের উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। ওই সফরে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বিটুবি (বিজনেস টু বিজনেস) বৈঠক অনুষ্ঠিত হবে।

তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মানসহ উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।