কেরানীগঞ্জে রাস্তায় ময়লা ফেলায় কারাদণ্ড ও জরিমানা

কেরানীগঞ্জে রাস্তায় ময়লা ফেলায় কারাদণ্ড ও জরিমানা

ফাইল ছবি

দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়ায় রাস্তায় ময়লা ফেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত একজনকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। একই অভিযানে আরেকজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ঝিলমিল আবাসিক প্রকল্পের সামনে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন জানায়, রাস্তার পাশে ময়লা ফেলার সময় মো. রাসেল মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া রাস্তার ওপর ময়লা ফেলার নির্দেশ দেওয়ার অভিযোগে ওয়ালিউর রহমান নামে আরেক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, কেরানীগঞ্জ এলাকায় যত্রতত্র ময়লা ও আবর্জনা ফেলা নিষিদ্ধ করা হয়েছে। যারা রাস্তা, খাল ও নদীতে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরই ধারাবাহিকতায় আজ দুইজনকে শাস্তির আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন স্থানে সাইনবোর্ড লাগানো ও মাইকিং করা হচ্ছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের নজরদারি ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।