ভারতে শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু

ভারতে শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু হয়েছে। সেখানকার ভাদোহী, ফতেহপুর এবং বুধাউনসহ পাঁচটি বিভাগ বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল বুধবার (১৩ মে) এসব হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ভাদোহীতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন এবং বুধাউনে ৫ জন ঝড় বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন।

অসময়ের এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিলিফ কাজ শেষ হবে।

সেখানকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার জানিয়েছেন, ভাদোনীর বিভিন্ন জায়গা থেকে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে।

ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে ভাদোহী পুলিশ জানিয়েছে, আলাদা আলাদা ঘটনায় সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। যারমধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ফতেহপুরে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি ১৬ জন আহত হয়েছেন। যারমধ্যে শুধুমাত্র খাগা তেহসিলে ৮ জন প্রাণ হারিয়েছেন। তাদের পাঁচজন নারী। অপরদিকে সদর তেহসিলে বাড়ির দেয়াল ধসে আরেক নারীর মৃত্যু হয়।

প্রাণহানির সঙ্গে অতিরিক্ত বৃষ্টিতে গবাদি পশু এবং ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: এনডিটিভি