ফরিদপুরের সদরপুরে ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল বৃদ্ধার মরদেহ
প্রতীকী ছবি
ফরিদপুরের সদরপুর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই বৃদ্ধার নাম কমেলা বেগম (৬৫)। তিনি উপজেলার দক্ষিণ শৌলডুবী গ্রামের মৃত আহম্মেদ খানের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ফজরের নামাজ আদায় করতে ঘুম থেকে ওঠেন কমেলা বেগম। কিন্তু আজ দীর্ঘ সময় নামাজের ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশী শিশু সিজান (৭) দরজার ছিদ্র দিয়ে তাকিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এসময় তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে কমেলা বেগমের ছেলে মো. নাঈম (২২) দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার মাকে নামাজের চৌকির পাশে আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।
সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আফজাল হোসেন বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।