নোয়াখালীতে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় দুইজনের কারাদণ্ড
সংগৃহীত ছবি
নোয়াখালী সদর উপজেলায় ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের মান্নান হাই স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর। আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাটি কাটার সঙ্গে জড়িত মো. ছানা উল্যাহ ও হাসিব নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত দুটি এক্সকাভেটর জব্দ করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষীদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. ছানা উল্যাহ সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামের আবদুল হাসেমের ছেলে। স্থানীয়দের অভিযোগ, পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত এছাক মিয়ার ছেলে আকবর হোসেন জোরপূর্বক অন্যের জমি দখল করে ভাড়াটে লোকজন দিয়ে অবৈধভাবে মাটি কাটছিলেন। এক্সকাভেটর দিয়ে মাটি বিক্রি করায় আশপাশের বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়ে।
এলাকাবাসী জানান, তারা একাধিকবার প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাননি। পরে প্রশাসনের সহায়তা চাইলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।