বরিশালে ৫ ডায়াগনস্টিক সেন্টারকে ৫৪ হাজার টাকা জরিমানা
সংগৃহীত ছবি
বরিশাল নগরীতে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়ে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার ও প্রয়োজনীয় সনদপত্র না থাকার অভিযোগে এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
অভিযানে নগরীর হাসপাতাল রোড এলাকার লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, নিউ ল্যাব মেডিকেল সার্ভিসেসকে ৬ হাজার টাকা, যমুনা ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার টাকা, হেলথ হ্যাবেন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা এবং ল্যাব পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, গোয়েন্দা সদস্যরা দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম গোপনে পর্যবেক্ষণ করছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি জানানো হলে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা ও বিভাগীয় কর্মকর্তারা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।