শিশুদের পাকা পেঁপে খাওয়ানো কতটা নিরাপদ?
ফাইল ফটো
শিশুর খাবারের তালিকায় ফল রাখা খুবই গুরুত্বপূর্ণ। তবে অনেক বাবা-মায়ের মনেই প্রশ্ন থাকে, ছোট শিশুদের পেঁপে খাওয়ানো আদৌ নিরাপদ কি না। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে পেঁপে খেলে পেট খারাপ, গ্যাস বা অন্য কোনো সমস্যা হতে পারে কি না, তা নিয়ে দুশ্চিন্তা দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে এবং পরিমিত পরিমাণে পাকা পেঁপে খাওয়ানো হলে এটি শিশুদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে।
পেঁপেতে রয়েছে ‘প্যাপেইন’ নামের একটি প্রাকৃতিক এনজাইম, যা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। বিশেষ করে প্রোটিন ভাঙতে এই উপাদান কার্যকর ভূমিকা রাখে।
ফলে শিশুদের হজমশক্তি ভালো রাখতে পেঁপে সহায়ক হতে পারে।
শিশুদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুব সাধারণ। পেঁপেতে থাকা উচ্চমাত্রার ফাইবার মল নরম করতে সাহায্য করে এবং নিয়মিত পেট পরিষ্কার রাখতে ভূমিকা রাখে। এ কারণে যেসব শিশু পেট পরিষ্কার না হওয়ার সমস্যায় ভোগে, তাদের জন্য পাকা পেঁপে উপকারী হতে পারে।
এছাড়া পেঁপে পেটের গ্যাস ও ফাঁপাভাব কমাতেও সাহায্য করে। অনেক সময় শিশুদের হজমে সমস্যা হলে অস্বস্তি বা কান্নাকাটি বাড়ে। পেঁপে সেই অস্বস্তি কিছুটা কমাতে পারে বলে মনে করেন পুষ্টিবিদরা।
এই ফলে থাকা ভিটামিন এ ও ভিটামিন সি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। এতে পেটের সংক্রমণের ঝুঁকিও কিছুটা কমতে পারে।
তবে শুধু পেঁপে খাওয়ালেই হবে না, কখন খাওয়ানো হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, সকালে নাশতার সময় বা দুপুরের খাবারের আগে পেঁপে খাওয়ানো সবচেয়ে ভালো। খালি পেটে বা হালকা খাবারের সঙ্গে পেঁপে খেলে হজম ভালো হয় এবং শিশুর পেটও আরামদায়ক থাকে।
দুপুরের খাবারের কয়েক ঘণ্টা পর বিকেলের নাশতা হিসেবেও পেঁপে দেওয়া যেতে পারে। এতে শিশু দ্রুত শক্তি পায় এবং পেটও ভারী লাগে না।
তবে রাতে ঘুমানোর আগে শিশুদের পেঁপে না দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ, এতে থাকা ফাইবার রাতে হজমে কিছুটা চাপ তৈরি করতে পারে। একইভাবে ভারী খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেও পেঁপে না দেওয়াই ভালো। অন্তত আধাঘণ্টা থেকে এক ঘণ্টা বিরতি রাখা উচিত।
শিশুকে পেঁপে খাওয়ানোর ক্ষেত্রেও কিছু সতর্কতা জরুরি। সাধারণত ছয় মাস বয়সের পর, যখন শিশু শক্ত খাবার খাওয়া শুরু করে, তখন থেকেই অল্প পরিমাণে পাকা পেঁপে দেওয়া যায়। শুরুতে ফলটি ভালোভাবে চটকে বা পিউরি করে খাওয়ানো উচিত।
বিশেষজ্ঞরা আরো বলছেন, সবসময় ভালোভাবে পাকা পেঁপে খাওয়াতে হবে। কাঁচা বা আধাপাকা পেঁপে শিশুদের পেটে অস্বস্তি বা ব্যথার কারণ হতে পারে।
প্রথমবার পেঁপে খাওয়ানোর পর শিশুর শরীরে কোনো র্যাশ, চুলকানি বা অ্যালার্জির লক্ষণ দেখা যাচ্ছে কি না, সেদিকেও খেয়াল রাখতে হবে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা।