তুচ্ছ ঘটনায় মোংলায় সংঘর্ষ, প্রতিপক্ষের হামলায় আহত ৭

তুচ্ছ ঘটনায় মোংলায় সংঘর্ষ, প্রতিপক্ষের হামলায় আহত ৭

প্রতিকি ছবি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের মোংলায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে।

থানায় করা অভিযোগে জানা যায়, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাতেন সড়কের বাসিন্দা হালিম, মতিন পরিবারের সঙ্গে প্রতিবেশী হোসেন, শহীদ পরিবারের দীর্ঘদিন ধরে সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।

গত বুধবার দুপুরে হালিম, মতিন পরিবার তাদের বাড়ির সীমানায় থাকা একটি গাছের ঢাল কাটছিল। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ হোসেন, শহীদ পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।

হামলায় সাঈম, মাহিন, হালিম, মতিন, মাছুমা, বেবি, মরিয়ম আহত হন।  ঘটনার দিনই থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো খোরশেদ আলম বলেন, দুই পরিবারের মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে।

মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।