ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও আখাউড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসী নিহত হয়েছেন। বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে আরিফুল ইসলাম এবং শাহেদ আলীর ছেলে শাহ আলম। পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের জানান, আরিফুল ইসলাম ও শাহ আলম মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে দুপুর সাড়ে ১১টার দিকে জেলার আখাউড়া উপজেলার পৌর এলাকার দেবগ্রাম এলাকায় টানা ব্রিজ সংলগ্ন এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে রনি (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, আহত কিশোরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রনি উপজেলার গোপীনাথপুর এলাকার রৌফ মিয়ার ছেলে। পুলিশ সিএনজি জব্দ করে চালক জুয়েল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।