হাত থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ দূর করুন চামচ দিয়েই!
ফাইল ফটো
রান্নায় পেঁয়াজ আর রসুন যোগ করলে আলাদা মাত্রা যোগ হয়। বাড়ে স্বাদ। সমস্যা হলো পেঁয়াজ-রসুনের গন্ধ কিছুতেই হাত থেকে যেতে চায়। রসুনের খোসা ছাড়ালেই নখে বিশ্রী গন্ধ হয়। আদা-পেঁয়াজ কাটলেও হাত থেকে কড়া গন্ধ বের হতে পারে। সাবান দিয়ে হাত ধুলেও এই গন্ধ যেতে চায় না।
অনেকেই হাত থেকে মসলার গন্ধ দূর করতে পাতিলেবুর রস ঘষেন। এতে হাতের চামড়া খসখসে হয়ে যায়। তাহলে উপায়? এ কাজে আপনাকে সাহায্য করতে পারে স্টেইনলেস স্টিলের চামচ। কীভাবে? চলুন জানা যাক-
হাত থেকে পেঁয়াজ-রসুনের দুর্গন্ধ দূর করতে স্টেইনলেস স্টিলের চামচে হাত ঘষে নিন। স্টিলের গায়ে হাত ঘষলে রাসায়নিক বিক্রিয়া ঘটে। ফলে দূর হয়ে যায় পেঁয়াজ ও রসুনের গন্ধ। আসলে পেঁয়াজ ও রসুন কাটার সময়ে সালফার যৌগ নির্গত হয়। এটি ত্বকের সঙ্গে মিশে যায় এবং এর গন্ধ দীর্ঘস্থায়ী হয়।
স্টেইনলেস স্টিলের চামচ হাতে ঘষলে স্টিলে থাকা ক্রোমিয়াম সেই সালফার যৌগের সঙ্গে বিক্রিয়া ঘটাবে। এই বিক্রিয়ার কারণে গন্ধ সৃষ্টিকারী অণুগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই হাত থেকে গন্ধও কমে যাবে। তবে এই কাজটি পানি ছেড়ে কলের নিচে করতে হবে। তাহলে পানির স্রোতে সব ময়লা বা জীবাণু বেরিয়ে যাবে।
কীভাবে কাজটি করবেন?
কল ছেড়ে পানির নিচে হাত রাখুন। এবার একটি স্টেইনলেস স্টিলের খুন্তি বা চামচ ৩০-৬০ সেকেন্ড ধরে হাতের তালুতে ঘষতে থাকুন।
এরপরেও যদি হাত থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ ছাড়ে তাহলে হাতে লবণ বা কফি পাউডার মেখে নিতে পারেন। আর নখে অল্প করে লেবুর রস মেখে নিতে পারেন। এতে সব দুর্গন্ধই সহজে দূর হয়ে যাবে।