কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের
প্রতিকি ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় এক কিশোর ও এক গৃহবধূ আহত হয়। শনিবার দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রিয়াজুল উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর সন্তান। নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালের দিকে রিয়াজুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যায়। সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত হতে থাকে। এসময় বজ্রপাত ঘটলে মাঠেই বজ্রাঘাতে গুরুতর আহত হয় রিয়াজুল।
এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
এদিকে একই সময় মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে কিশোর বায়েজিদ (১৫) ও গৃহবধু ইসমেতারা রান্না ঘরে থাকা অবস্থায় বজ্রাঘাতে আহত হয়। এরপর তাদের দুজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত বায়েজিদের পিতা আশরাফুল ইসলাম জানান, বৃষ্টি ও মেঘের গজ'ন শুনে ছেলেকে মাঠে ছাগল আনতে পাঠাই।
এসময় বজ্রপাত ঘটলে আমার ছেলে আহত হয়। এ ঘটনায় প্রতিবেশী কৃষক রিয়াজুল মারা যান।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়।