জয়পুরহাটের দিনে দুপুরে তালা ভেঙে ব্যবসায়ীর বাসায় চুরি
প্রতিকি ছবি
পুরহাটের ক্ষেতলালে দিনে দুপুরে এক ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে। এ সময় চোরচক্র ওই বাসা থেকে নগদ ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে দাবি বাড়ির গৃহকর্তা হিরো সরকার।
রবিবার (১৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে উপজেলার আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হিরো সরকার জানান, তার স্ত্রী শিক্ষক হওয়ায় সকাল ৯টায় তিনি আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে যান।
তার ছেলে ক্লাস করার জন্য সকালেই আলমপুর উচ্চ বিদ্যালয়ে চলে যায়। পরে তিনিও বাড়িতে তালা দিয়ে ব্যবসার উদ্দেশ্যে স্থানীয় বাজারে ধান কিনতে যান। দুপুর পৌনে দু’টার দিকে তিনি বাড়ি এসে দেখতে পান তার সিঁড়ি ঘরের টিনের ছাদ খোলা। ঘরের তালাও ভাঙ্গা।
সন্দেহ হলে তিনি ঘরে গিয়ে দেখতে পান তার নগদ ৭ লাখ টাকা এবং ৬ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। চোরেরা বাড়ির সিঁড়ি দিয়ে নেমে ঘরের তালা ভেঙ্গে টাকা ও সোনা চুরি করলেও বাড়ির প্রধান ফটকের তালা অক্ষত ছিল। যাতে বাহির থেকে চুরির বিষয়টি কেউ বুঝতে না পারে।
গৃহকর্তার বড় ভাই নজরুল ইসলাম সরকার বলেন, ছোট ভাই ব্যবসার জন্য বাজারে ছিল।
তার স্ত্রী ও ছেলে বাড়িতে তালা দিয়ে স্কুলে যায়। দুপুরে ছোট ভাই বাড়ি আসার পর চুরির বিষয়টি জানাজানি হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হবে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।