মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

প্রতিকি ছবি

মুন্সীগঞ্জের সদর উপজেলার সুপার মার্কেট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ‘লালবাগ কাচ্চি বিরিয়ানি’ নামের একটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এ মনিটরিং অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি, তেহারি ও মোরগ পোলাও প্রস্তুত করা হচ্ছে। এছাড়া একই ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল, যা খাদ্য নিরাপত্তা বিধিমালার পরিপন্থী।

এ সময় প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ পলাশকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।